বিজয় দিবসকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা গ্রহণ করা হয়েছে জানিয়ে পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেছেন, আতশবাজি ফোটাতে পুলিশের অনুমতি লাগবে। ঢাকা শহরসহ সারা দেশের জন্য এটা প্রযোজ্য হবে। যেসব এলাকায় অনুমতি চাওয়া হবে, সেই এলাকার পরিপ্রেক্ষিত বিবেচনায় নিয়ে পুলিশ অনুমতি দেবে। বিজয় উদযাপনের শোভাযাত্রার নামে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে।
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার বিকেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ পুলিশের যৌথ আয়োজনে ‘রক্তস্নাত বিজয়’ শীর্ষক চার দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে তিনি কথা বলেন।
তিনি সাংবাদিকদের বলেন, উৎসবমুখর পরিবেশে বিজয় দিবস উদযাপনের জন্য আমরা সব ধরনের পদক্ষেপ নিয়েছি। নিরাপত্তার জন্য যখন যেখানে যা করার দরকার হবে, সেই ব্যবস্থা আমরা নেব।
বিএনপির শোভাযাত্রা ঘিরে নাশকতার আশঙ্কা করা হচ্ছে কি না- সে বিষয়ে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, র্যালির নামে যাতে কোনো উচ্ছৃঙ্খলতা না হয়, র্যালিকে কেন্দ্র করে কেউ যাতে নাশকতা চালাতে না পারে সে বিষয়ে আমরা সতর্ক থাকব।