আওয়ামী লীগের বিলবোর্ড, পোস্টার, ব্যানার ও ফেস্টুনে শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি রাখতে হবে। অন্য নেতাকর্মীদের নিজেদের ছবি দিয়ে বিলবোর্ড, পোস্টার, ব্যানার, ফেস্টুন তৈরি না করতে নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ।
এ জাতীয় বিলবোর্ড, ব্যানার ও পোস্টার কোথাও থাকলে তা নামিয়ে ফেলার নির্দেশনা রয়েছে। গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে দলীয় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এ সংক্রান্ত চিঠি দলের সাংগঠনিক জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর গতকাল ডাকযোগে পাঠানো শুরু হয়েছে। দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সব সংগঠনের কাছেও এ নির্দেশ পাঠানো শুরু হয়েছে।
জানা গেছে, বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার ছবির চেয়ে দলের নেতা-কর্মীদের নিজেদের ছবি বড় করে ব্যবহার করার অব্যাহত প্রবণতা থামাতে এ সিদ্ধান্ত নিয়েছে দলটি। আগামী এক সপ্তাহ আওয়ামী লীগ বিষয়টি পর্যবেক্ষণ করবে। এরপর নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কি ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেয়া যায়, তা চূড়ান্ত করবে।