প্রযুক্তি পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান তোশিবাকে ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছেন সংশ্লিষ্টরা। আর এর অংশ হিসেবে ছাঁটাই করা হচ্ছে প্রতিষ্ঠানটির ছয় থেকে সাত হাজার কর্মীকে!
ডেইলি নিক্কেই নামের জাপানের এক বিজনেস সংবাদ মাধ্যম জানিয়েছে, সময়টা ভালো যাচ্ছে না তোশিবার। প্রতিযোগিতামূলক বাজারে প্রত্যাশিত মুনাফা অর্জনে বার বার ব্যর্থ হচ্ছে জাপান ভিত্তিক প্রতিষ্ঠানটি। এর উপর সম্প্রতি প্রতিষ্ঠানটিতে অভ্যন্তরীণ অর্থ কেলেঙ্কারির অভিযোগ পাওয়া গেছে। তাই নতুন করে প্রযুক্তি প্রতিষ্ঠানটিকে ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। আর এতে বলি হতে পারেন প্রতিষ্ঠানটির ছয় থেকে সাত হাজার কর্মী।
চলতি বছরের জুলাই মাসে তোশিবার বেশ কিছু কর্মকর্তার বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ উঠে। এতে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তাসহ বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা চাকরি ছাড়েন। এরপর থেকেই লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ে প্রতিষ্ঠানটি।
তোশিবার টোকিওর কারখানা থেকে বিপুল পরিমাণে টেলিভিশন ও ব্যক্তিগত কম্পিউটার তৈরি করা হয়ে থাকে। বর্তমানে ওই কারখানা থেকে পণ্য উৎপাদনের পরিমাণ অনেক কমিয়ে ফেলা হয়েছে। নিক্কেই জানিয়েছে, তোশিবার টোকিওর কারখানা থেকে সম্পূর্ণভাবে টেলিভিশন উৎপাদন বন্ধ করে দেয়া হতে পারে। রয়টার্স।