সিরিয়ার গৃহযুদ্ধ অবসানে শান্তি আলোচনা এগিয়ে নিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এরই অংশ হিসেবে নিউইয়র্কে চলতি সপ্তাহে এ বিষয়ে আন্তর্জাতিক আলোচনা শুরু হবে।
মস্কোয় মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির তিন ঘণ্টা ব্যাপী বৈঠকে উভয়পক্ষ সিরিয়া বিষয়ে একে অন্যের আরো কাছাকাছি এসেছে বলে মনে করা হচ্ছে। তবে প্রেসিডেন্ট বাশার আল আসাদের ভাগ্য নিয়ে উভয় দেশের মতপার্থক্য রয়েই গেছে।
বৈঠক শেষে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সার্গেই ল্যাভরভ বলেন, নিউইয়র্কে আগামী শুক্রবার ইন্টারন্যাশনাল সিরিয়া সার্পোট গ্রুপের মন্ত্রী পর্যায়ের বৈঠকের বিষয়ে আমরা সমর্থন জানিয়েছি। নিউইয়র্কের আলোচনায় সিরিয়ার যুদ্ধবিরতি এবং আসাদ গ্রুপ ও বিরোধী গ্রুপের মধ্যে রাজনৈতিক আলোচনার প্রক্রিয়া নির্ধারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের বিষয়টি প্রাধান্য পাবে বলে কেরি ও ল্যাভরভ জানিয়েছেন।
এদিকে উভয়ে স্বীকার করেছেন, আসাদের ভাগ্য কি হবে তা নিয়ে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে এখনও মতপার্থক্য রয়ে গেছে। তবে রাজনৈতিক আলোচনার সম্ভাবনা নষ্ট হোক তা তারা চান না। উল্লেখ্য, সিরিয়ায় ২০১১ সালের মার্চে গৃহযুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত আড়াই লাখেরও বেশি লোক প্রাণ হারিয়েছে। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ লোক। এএফপি।