বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই গণতন্ত্র আজ তিরোহিত হয়েছে। বুধবার বিজয় দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশে আজ গণতন্ত্র অনুপস্থিত। আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে যে গণতন্ত্র অর্জন করেছিলাম, সেই গণতন্ত্র আজ তিরোহিত হয়েছে। সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে জনগণ যে আন্দোলন করছে, নিঃসন্দেহে তা লক্ষ্যে পৌঁছাবে এবং জনগণ তাদের অধিকার ফিরে পাবে। আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, জনগণকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রকে ফিরিয়ে আনব।
এর আগে সকালে খালেদা জিয়া মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ নেতাদের নিয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।