উত্তর কোরিয়ায় কনাডার ধর্মযাজকের যাবজ্জীবন কারাদণ্ড

 
উত্তর কোরিয়ার সর্বোচ্চ আদালত কানাডার একজন ধর্মযাজককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। দক্ষিণ কোরিয়ার বংশোদ্ভূত কানাডার নাগরিক এই ধর্মযাজক উত্তর কোরিয়ার সরকারকে উত্খাত করে ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্রের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে দেশটির আদালত।
 
সেবামূলক কাজের জন্য গত জানুয়ারিতে উত্তর কোরিয়ায় আসেন ধর্মযাজক হাইওন সো লিম। এর আগেও উত্তর কোরিয়ায় ধর্মপ্রচারের জন্য আসা বিদেশি নাগরিকদের গ্রেফতার করে এ ধরনের মামলায় স্বীকারোক্তি আদায় করার অভিযোগ উঠেছিল।
 
উত্তর কোরিয়ার সুপ্রিম কোর্টে সংক্ষিপ্ত শুনানি শেষে সো লিমকে শাস্তি দেয়া হয়। আদালত বলেছে লিম যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মানবাধিকার সংগঠনে যোগ দিয়ে উত্তর কোরিয়ার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে দেশটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার কাজে লিপ্ত ছিলেন।
 
তার বিরুদ্ধে দেশ ছেড়ে পালিয়ে যেতে উত্তর কোরিয়ার নাগরিকদের অর্থ দিয়ে সাহায্য করার অভিযোগও আনা হয়। লিমের পরিবার জানিয়েছে নার্সিং হোম ও অনাথ আশ্রমের কাজের জন্য তিনি সে দেশে গিয়েছিলেন। গত ফেব্রুয়ারিতে তাকে গ্রেফতার করা হয়। সূত্র: বিবিসি