ভারতের উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত

 
ভারতের উত্তরাঞ্চলে জেঁকে বসেছে তীব্র শীত। গত দুইদিনের শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। শীতের কারণে বছরের প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে রাজস্থানের জয়পুরে। উত্তরাখণ্ড , জন্মু এবং কাশ্মিরে তীব্র শীতে মানুষ চরম কষ্টে দিনাতিপাত করছে।
 
উত্তর-পশ্চিমাঞ্চলে দূরপাল্লার অনেক ট্রেন কুয়াশার কারণে বিলম্বে ছাড়ছে। রেলওয়ের এক মুখপাত্র জানান, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব এবং দিল্লিতে একই অবস্থা বিরাজ করছে। তিনি জানান, কুয়াশার কারণে আমাদের অনেক ট্রেন ছাড়তে দেরি হচ্ছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিজিসিএ জানিয়েছে, সকল অভ্যন্তরীণ রুটের বিমান চলাচলের ক্ষেত্রে ক্যাট-৩ নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
 
রাজধানী দিল্লিতেও তীব্র শীতে মানুষকে কষ্ট ভোগ করতে হচ্ছে। বুধবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপ্রবাহ সবচেয়ে বেশি দেখা দিচ্ছে কাশ্মিরের লাদাখ অঞ্চলের লেহ শহরে। এখানে তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। নিকটস্থ কারগিলে হিমাঙ্কের নিচে তাপমাত্রা রেকর্ড করা হয়।
 
তীব্র শৈত্যপ্রবাহ দেখা যায় রাজস্থানের জয়পুরে। এখানে শীতের কারণে বছরের প্রথম মৃত্যুর ঘটনা ঘটলো। মধ্য বয়সী এক ভিক্ষুক ওইদিন মারা যায়। সূত্র: এনডিটিভি