দেশের অবস্থা অত্যন্ত নাজুক: জিএম কাদের

 
জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জিএম কাদের বলেছেন, দেশের অবস্থা অত্যন্ত নাজুক। রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে চরম অস্থিরতা বিরাজ করছে। সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত, তারা এ থেকে পরিত্রানের পথ খুঁজছে।
 
বিজয় দিবস উপলক্ষে বুধবার রাজধানীর বিমানবন্দর কাওলার বাজারে জাপা সমর্থক গোষ্ঠী আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
 
জিএম কাদের বলেন, দেশে দমন-নির্যাতনের মাত্রা প্রতিনিয়ত বাড়ছে। পাকিস্তান আমলে আমাদের প্রতি যে বৈষম্য, বঞ্চনা ও অধিকার হরণ করা হয়েছিল- তা থেকে মুক্তির জন্যই স্বাধীনতা যুদ্ধ। যে দলটি সবসময় সংগ্রামের কথা বলতো, যে দলটির নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু সেই দলটি আজ ক্ষমতায়। অথচ আজ আমরা কী দেখছি? বরং যেটুকু অর্জিত হয়েছিল তা থেকেও আমরা অনেক কিছু হারিয়ে ফেলছি। দারিদ্রের যাঁতাকলে এখনও আমরা পিষ্ঠ। মানুষের ভোটের অধিকার ও বাকস্বাধীনতাসহ অন্যান্য মৌলিক অধিকার প্রতিনিয়ত হরণ করা হচ্ছে। প্রশাসনের প্রতিটি স্তরে দুর্নীতি ক্যান্সারের মত ছড়িয়ে পড়ছে, যা রাষ্ট্রযন্ত্রকে দ্রুত জনবিরোধী করে  তুলছে। আমাদের প্রত্যাশা অচিরেই পরিত্রাণ পাব, কারণ রাত যত গভীর হয় ভোরের আলো তত নিকটবর্তী হয়। জাকির হোসেন মৃধার সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাপার প্রেসিডিয়াম সদস্য প্রফেসর দেলোয়ার হোসেন খাঁন, মাসুদ পারভেজ সোহেল রানা ও মীর আব্দুস সবুর আসুদ এবং জাপার কেন্দ্রীয় নেতা মোস্তাকুর রহমান মোস্তাক ওমীর নাজিমউদ্দিন ভূইয়া প্রমুখ।