পেশোয়ার হামলার বর্ষপূর্তিতে পাকিস্তানে বন্ধ থাকলো স্কুল

পাকিস্তানের পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে তালেবান জঙ্গিদের হামলার বর্ষপূর্তিতে দেশটির সকল স্কুল বন্ধ রাখা হলো। ভয়াবহ ওই হামলায় ১৫০ জন নিহত হন। নিহতদের মধ্যে ১৪৪ জনই ছিলো স্কুলটির শিক্ষার্থী।
 
পাকিস্তান সরকারের মুখপাত্র মুস্তাক ঘানি জানানা, শোকাবহ ঘটনার স্মরণ ও ফের হামলার ঝুঁকি বিবেচনায় আজ স্কুল বন্ধ রাখা হয়। বেসামরিক ও সামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা পেশোয়ারে একটি স্মরণসভায় যোগ দেন। সভায় নিহতদের পরিবারের কাছে মেডেল তুলে দেয়া হয়।
 
প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ তার বক্তব্যে দেশ থেকে জঙ্গিবাদের মূলোৎপাটন করে 'নিহত শিশুদের প্রতি ফোটা পবিত্র রক্তের প্রতিশোধ' নেয়ার অঙ্গিকার করেন।
 
গত বছর জুন মাসের দিকে পাকিস্তানের ওয়াজিরিস্তানে আল কায়েদা সংশ্লিষ্ট তালেবান জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালায় সেনাবাহিনী। তখন সেনা প্রধান দাবি করেছিলেন, প্রায় সাড়ে তিন হাজার জঙ্গি তাদের অভিযানে নিহত হয়েছে। এর ছয় মাসের মধ্যে পেশোয়ারের স্কুলটিতে সাতজন জঙ্গি ঢুকে শিশুদের ওপর ভয়াবহ হত্যাযজ্ঞ চালায়। সূত্র: বিজনেস ইনসাইডার