‘ক্যারিয়ার নিয়ে নতুন অঙ্ক কষছি’

চলতি বছর বেশ ভালোই কেটেছে বলিউড তারকা দীপিকা পাডুকোনের। কিছুদিন আগেই ভিন ডিজেলের সাথে হলিউডে অভিনয় নিয়ে শিরোনামে এসেছেন তিনি। এছাড়া তালাশ ও বাজিরাও মাস্তানি দিয়ে বছরের শেষটাও বেশ আলোচনার মুখেই ছিলেন এই তারকা। কিন্তু ক্যারিয়ারে সাফল্যের তালিকায় এতোগুলো কাজ যোগ হলেও আসছে বছরটা নিয়ে একটু নতুনভাবে হিসেব কষতে হবে তাকে। কারণ নতুন বছরের এখন পর্যন্ত কোনো কাজই তার হাতে নেই।
 
 তাহলে কি বলিউড পরিচালকরা ভুলতে বসেছেন দীপিকাকে! নাকি নতুন কোনো কারিশমা দেখানোর জন্য অপেক্ষা করছেন তারা। বলিউডের প্রথমসারির চিত্র নায়িকারা যেখানে বছর শেষ না হতেই চুক্তিবদ্ধ হয়ে যান পরবর্তী বছরের চলচ্চিত্রের জন্য সেখানে এই বছরের শীর্ষ নায়িকাদের তালিকায় থাকা দীপিকার হাতে নেই কোনো নতুন চলচ্চিত্র।
 
এ প্রসঙ্গে সম্প্রতি দীপিকা তার টুইটারে জানান, ‘এ বছর অনেকগুলো চলচ্চিত্রে কাজ করলেও নতুন বছরের জন্য আমি এখনও প্রস্তুত নই। তাই নতুন বছরের জন্য আমি কোনো চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হইনি। নতুন বছরের জন্য আমি নতুনভাবে প্রস্তুতি নিচ্ছি। ক্যারিয়ার নিয়ে নতুন অঙ্ক কষছি। আমার ভক্তদের উদ্দেশ্যে নতুন কিছু উপহার দেওয়ার জন্যই আমি কিছুদিনের জন্য একটি ছোট বিরতি নিয়েছি। চলতি বছর প্রায় সব ধরনের চলচ্চিত্রেই অভিনয় করেছি, সেক্ষেত্রে নতুন বছরে আমার ইচ্ছে আছে একটু বেছে কাজ করার।’
 
দীপিকা পোস্টে এ কথা বললেও সমালোচকরা কিন্তু বিষয়টি খানিকটা বাঁকা চোখেই দেখছেন। কারণ হলিউডে ‘এক্স’ সিরিজে কাজের জন্যই হয়তো নতুন কোনো চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হননি তিনি। দীপিকা এর আগে নিজেই জানিয়েছেন, ফাস্ট এন্ড ফিউরিয়াস হাতছাড়া হলেও হলিউডে অভিষেকের এই সুযোগটা তিনি লুফে নিতে চান।