নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে শ্রমিকবাহী ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। সোমবার দুপুরে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। একই সঙ্গে ডুবে যাওয়া ট্রলারটি পানির নিচ থেকে উদ্ধার করা হয়। নিহত শ্রমিকের নাম সত্যেরন্দ্র দাস (৫৫)। সে ফতুল্লার পাগলা এলাকার বাসিন্দা।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ‘সকাল ৬টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিসহ ৮ সদস্যের একটি দল উদ্ধার কাজ শুরু করে। দুপুরে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়। পরে ওই ট্রলার থেকে নিখোঁজ সত্যেন্দ্র দাসের লাশ উদ্ধার করা হয়। লাশ পরিবারের কাছে হস্তান্তর জন্য পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।’
আরও পড়ুনঃ মির্জাপুরে নাহিদ কটন মিলের গোডাউনে অগ্নিকাণ্ড, ৫০ কোটি টাকার ক্ষতির আশংকা
তিনি আরো জানান, ‘গত রবিবার রাতে মুন্সিগঞ্জের কুইচ্চামারা ঘাটে বালু তোলার কাজ শেষ করে একটি ট্রলারে ৫০ থেকে ৬০ জন শ্রমিক ফতুল্লার পাগলায় ফিরছিল। ধর্মগঞ্জ এলাকায় ট্রলারটি পৌঁছালে মুন্সিগঞ্জগামী একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় শ্রমিকবাহী ট্রলারটি ডুবে যায়। ওইসময় ৪০ থেকে ৪৫জন শ্রমিক সাঁতরে তীরে উঠে পড়ে। রাতে ধারণা করা হয় ১০/১২ জন নিখোঁজ রয়েছে। তবে সোমবার সকালে শুধুমাত্র একজন নিখোঁজ থাকার দাবি করেন স্বজনরা। অন্যরা সাঁতরে তীরে উঠে রাতেই বাড়ি ফিরেছে। তাই নিখোঁজ না থাকায় উদ্ধার কাজ সমাপ্ত করা হয়েছে।’
ইত্তেফাক/নূহু