ফেসবুক অ্যাকাউন্টে প্রকৃত নাম ব্যবহারের নীতিতে শিথিলতা

বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগের জনপ্রিয়তম ওয়েবসাইট ফেসবুক দীর্ঘদিন ধরেই ফেসবুকে অ্যাকাউন্ট খোলার জন্য ব্যবহারকারীর প্রকৃত নাম ব্যবহার করার নীতিতে অটল থেকে এসেছে। এখনও পর্যন্ত ফেসবুকের নীতিমালায় এই সাইটে অ্যাকাউন্ট খোলার জন্য ব্যবহারকারীর প্রকৃত নাম ব্যবহারের নীতিই চালু রয়েছে।

 

কিন্তু এই বিষয়টি নিয়ে বিশ্বের অনেক দেশেই ফেসবুক ব্যবহারকারীর মধ্যে বিতর্ক রয়েছে। ফেসবুকে ছদ্মনাম ব্যবহারের সুযোগকে অনেকেই অধিকার হিসেবেই দেখতে চান। জার্মানিসহ বেশ কয়েকটি দেশের আদালতের পক্ষ থেকেও ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে ব্যবহারকারীর পছন্দমতো ছদ্মনাম ব্যবহারের বিষয়টিকে বৈধতা দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু প্রকৃত নাম ব্যবহারের বিধিতে ফেসবুক বরাবরই অটল থেকেছে। এবারে এই অবস্থান থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক।

 

ফলে ফেসবুকের নীতিমালাতেও ছদ্মনাম ব্যবহারের বিষয়টি যুক্ত হয়েছে। মঙ্গলবার ফেসবুকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবেই এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এতে জানানো হয়েছে, ফেসবুক মনে করে বিশ্বব্যাপী মানুষের সাথে মানুষের যে যোগাযোগ, তার জন্য প্রকৃত নাম-পরিচয় ব্যবহারের বিধিই যথার্থ। তবে প্রকৃত নাম ব্যবহারের ফলে কখনও কখনও কাউকে প্রতিকূল পরিস্থিতিতেও পড়তে হতে পারে।

 

বিভিন্ন কমিউনিটি থেকে এই ধরনের মতামত পাওয়ার প্রেক্ষিতেই ফেসবুকের পক্ষ থেকে ছদ্মনাম ব্যবহারের একটি বিশেষ টুলস চালু করার কথা জানানো হয়েছে ঘোষণায়।

 

ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, ‘পরিবারের সদস্য বা বন্ধুদের কাছে একজন যে নামে পরিচিত, সেই নামটিই সে ফেসবুকেও ব্যবহার করবে, আমরা এটাই চাই। এই নীতি থেকে আমরা সরে আসছি না। তবে আমাদের বিভিন্ন কমিউনিটি থেকে আমরা প্রকৃত নাম ব্যবহারের কিছু সমস্যার কথাও জেনেছি। তাই আমরা নিতান্তই প্রয়োজনের খাতিরে ছদ্মনাম ব্যবহারের সুযোগ চালু করছি।’ তবে নিতান্ত প্রয়োজন ছাড়া যেন কেউ এই সুবিধাটি গ্রহণ না করে, সেটা নিশ্চিত করার আহ্বানও জানিয়েছে ফেসবুক। সেক্ষেত্রে কোন প্রয়োজনে ছদ্মনাম ব্যবহার করা হবে, সেটি জানানোর ব্যবস্থা রেখেছে ফেসবুক।

 

যুক্তরাষ্ট্রে প্রাথমিকভাবে শুরু হয়েছে এই ফিচারটি। সেখানকার অভিজ্ঞতা থেকে ফিচারটিকে আরও উন্নত করে পর্যায়ক্রমে একে বিশ্বব্যাপী চালু করা হবে বলে জানানো হয়েছে ফেসবুকের ঘোষণায়।