চতুর্থ নারী হিসেবে টাইম ম্যাগাজিনের বর্ষসেরা অ্যাঙ্গেলা মার্কেল

 
বিশ্বে চতুর্থ নারী হিসেবে টাইম সাময়িকীর ২০১৫ সালের সেরা ব্যক্তিত্ব (পার্সন অব দ্য ইয়ার) নির্বাচিত হয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। সাময়িকীটির চূড়ান্ত বাছাইয়ের তালিকায় ছিলেন আইএস নেতা আবু বকর আল-বাগদাদি, ভ্লাদিমির পুতিন, ডোনাল্ড ট্রাম্প এবং উবার ট্যাক্সি কোম্পানির প্রধান ট্রাভিস কালানিক। এদের পেছনে ফেলে শীর্ষ ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন অ্যাঙ্গেলা মার্কেল।
 
১৯২৭ সালের পর থেকে মার্কেলকে নিয়ে মাত্র চারজন মহিলা সেরা ব্যক্তিত্বের সম্মান পেলেন। টাইম ম্যাগাজিন ইউরোপের অভিবাসন সংকট এবং ঋণ সমস্যা মোকাবেলায় মার্কেলের নেতৃত্বের প্রশংসা করেছে। ইসলামিক স্টেট নেতা আবু বকর আল-বাগদাদি দ্বিতীয় স্থানে এবং তৃতীয় স্থানে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট পদে মনোয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প।
 
সাময়িকীর সম্পাদক ন্যান্সি গিবস্ মার্কেল প্রসঙ্গে লিখেছেন, ‘তিনি নিজের দেশের কাছ থেকে যা চেয়েছেন, তা চাইতে অনেক রাজনীতিকই সাহস পাবেন না। সেই সাহসিকতার জন্য, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য এবং নৈতিকতাকে ভিত্তি করে নেতৃত্ব দেয়ার জন্য টাইম ম্যাগাজিনের ২০১৫-র সেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন তিনি।’
 
ইউরোপের শরণার্থী ও গ্রিসের আর্থিক সংকট, সেইসঙ্গে প্যারিস হামলার প্রসঙ্গে টেনে গিবস আরো লিখেছেন, ‘এই সবগুলো ক্ষেত্রেই এগিয়ে এসেছেন মার্কেল। তার কঠিন শর্ত বজায় রেখেও গ্রিসকে অর্থ সহায়তা দিয়েছেন।’
 
উল্লেখ্য, টাইম ম্যাগাজিন পাঠকদের ভোট আহ্বান করলেও বিজয়ী নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন সম্পাদকরা। টাইম।