লন্ডন বিমানবন্দরে নিজেকেই ছুরিকাঘাত!

লন্ডনের হিথরো বিমানবন্দরে বুধবার এক ব্যক্তি নিজের মাথায় নিজে উপর্যুপরি ছুরিকাঘাত করেছে। এই ঘটনায় সেখানে সাধারণ যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও ব্রিটিশ গণমাধ্যম একথা জানিয়েছে। 
 
গুরুতর আহত অবস্থায় লোকটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার আঘাত প্রাণঘাতী নয় বলে পুলিশ জানিয়েছে। এক যাত্রী নিরব বলিরাম টুইটারে লিখেছেন, একজন লোক আমার পাশ দিয়ে দৌড়াতে দৌড়াতে তার মাথায় ছুরিকাঘাত করেন।
 
ব্রিটেনের প্রভাবশালী দৈনিক পত্রিকা গার্ডিয়ান এক যাত্রীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, আমি হঠাৎ দেখতে পেলাম এক ভদ্রলোক একটি ছুরি দিয়ে তার মাথায় উপর্যুপরি আঘাত করছেন। দেখে লোকটি মধ্যপ্রাচ্য অথবা উত্তর আমেরিকান বলে মনে হল। ওই ছুরি ও তার পুরো শরীর রক্তে ভেজা ছিল। 
 
অজ্ঞাতনামা ওই প্রত্যক্ষদর্শী আরো বলেন, তিনি নিজেকে ছাড়া আর কাউকেই আক্রমণ করার চেষ্টা করেননি। তাই আমি একে সন্ত্রাসী হামলা বলে মনে করি না বিমানবন্দরের নিরাপত্তাকর্মী, পুলিশ ও প্যারামেডিকসরা আসার আগেই বিমানের কর্মীরা লোকটির হাত থেকে অস্ত্র কেড়ে নিতে সক্ষম হয় বলে গার্ডিয়ান জানিয়েছে।
 
হিথরো বিমানবন্দরের এক মুখপাত্র জানান, নিরাপত্তা তল্লাশির পর লোকটি বিমানবন্দর টার্মিনালের একটি দোকান থেকে ছুরিটি নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ছুরিটি  বাস্তবিক খুব একটা ধার ছিল না। এএফপি।