কুয়েত এয়ারওয়েজ নিউইয়র্কের জেএফকে বিমানবন্দর এবং লন্ডনের হিথরো বিমানবন্দরের মধ্যে ফ্লাইট বাতিল করছে। এয়ারওয়েজ কর্তৃপক্ষ ইজরায়েলের নাগরিকদের কাছে টিকিট বিক্রি করতে অস্বীকৃতি জানানোয় মার্কিন কর্তৃপক্ষ আইনগত পদক্ষেপ নেয়ার হুমকি দেয়ার পর তারা এ পদক্ষেপ নিচ্ছে।
যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ (ডিওটি) এ ব্যাপারে কুয়েতকে সতর্ক করে দিয়ে একটি চিঠি পাঠায় এবং তারা বৈষম্য দূর করার কথা বলে। ডিওটি বুধবার এএফপিকে নিশ্চিত করে যে, রাষ্ট্রীয় মালিকানাধীন কুয়েত এয়ারওয়েজ একদিন আগে কর্তৃপক্ষকে অবহিত করে যে তারা রুটটি বাতিল করবে।
এ মাসে দুই নগরীর মধ্যে কুয়েত এয়ারলাইনের ফ্লাইট বুক করার চেষ্টা করা হলে ‘ভুল বার্তা’ আসে। কুয়েত এয়ারওয়েজের বুকিং সিস্টেম এমনভাবে করা যেখানে ইজরায়েলি নাগরিকরা কোন টিকিট নিতে পারবে না। ২০১৩ সালে ইসরাইলি নাগরিক এলডাড গ্যাটের কাছে টিকিট বিক্রি করা হয়নি।
যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের প্রশ্নের জবাবে কুয়েত এয়ারওয়েজ জানায়, তারা ইজরায়েলি জাতিসত্তা ও নাগরিকদের সঙ্গে যেকোনো ধরণের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে কুয়েতি আইন মেনে চলে। এএফপি।