যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ফ্রান্স, ব্রিটেন ও মার্কিন যুদ্ধ বিমান যৌথ এক প্রশিক্ষণ মহড়ায় অংশ নিয়েছে। আমেরিকার এফ ২২, ব্রিটেনের টাইফুন ও ফ্রান্সের রাফাল বিশ্বের সবচেয়ে উন্নতমানের এ তিন যুদ্ধ বিমানকে এয়ার শো’তে অংশ নিতে দেখা গেছে।
এ তিন দেশের সামরিক বাহিনী সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেটের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীতে লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু এটি কোনো যুদ্ধ মহড়া ছিল না। ছিল ত্রিপক্ষীয় প্রশিক্ষণ মিশন।
চলতি মাসে প্রায় দুসপ্তাহ ধরে প্রশিক্ষণটি চলছে। এ সময়ে তিন দেশের বিমানগুলো পাতানো শত্রুর বিরুদ্ধে মহড়া চালিয়ে আসছে।
বিশ্বজুড়ে আকাশ প্রতিরক্ষা পদ্ধতির অব্যাহত বৃদ্ধির ফলে পশ্চিমা এসব জোট এ ধরণের প্রশিক্ষণের ওপর জোর দিচ্ছে।
মার্কিন বিমান বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল মার্ক ওয়েলস বলেন, বিশ্বে বর্তমানে ১০টি সমন্বিত আকাশ প্রতিরক্ষা পদ্ধতি রয়েছে। আগামী ১০ বছরে এ সংখ্যা হবে ২৫।
এদিকে জোটবদ্ধ হয়ে এসব প্রশিক্ষণ চালালেও এ তিন দেশের বিমান বাহিনী তাদের নিজ নিজ সক্ষমতার বিষয় প্রকাশে সতর্ক রয়েছে। বাসস