‘বিএনপি বিদ্যুৎ নিয়ে প্রতারণা করেছে’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকার বিদ্যুতের কথা বলে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। কেবল খাম্বা পুঁতেছে, বিদ্যুৎ দিতে পারেনি। কিন্তু বর্তমান সরকার কেবল বিদ্যুৎই দেয়নি, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে চলেছে।’
 
বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলার রাওথা কলেজ মাঠে নতুন বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী ১৮ সালের মধ্যে চারঘাট-বাঘার প্রতিটি গ্রামের পাড়া-মহল্লা বিদ্যুতের আলোয় আলোকিত করা হবে। একটি বাড়িও বঞ্চিত থাকবে না। কারণ আওয়ামী লীগ সরকার যা বলে তা বাস্তবেই করে দেখায়।’
 
এ সময় চারঘাট সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন সরকারের সভাপতিত্বে বিদ্যুতায়ন উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ, চারঘাট মডেল থানার ওসি নিবারন চন্দ্র বর্মন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর চারঘাট জোনাল ব্যবস্থাপক আব্দুল কাদের প্রমুখ বক্তব্য রাখেন।