২০১৬ সাল আরো বেশি উষ্ণতার বছর হতে যাচ্ছে

চলতি বছরের তুলনায় আগামী বছর বেশি উষ্ণতার হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাজ্যের আবহাওয়া অফিস। গতকাল বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালকে ইতিমধ্যে উষ্ণতম বছর হিসেবে ঘোষণা করা হয়েছে।

 
আগামী বছরে পৃথিবীর তাপমাত্রা শিল্প-পূর্ব যুগের চেয়ে ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বেশি হতে পারে। ব্রিটিশ আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাসে বলা হচ্ছে, আগামী ১২ মাসে তাপমাত্রা ১৯৬১ থেকে ১৯৯০ সালের গড় তাপমাত্রার চেয়ে শূন্য দশমিক ৮৪ ডিগ্রি সেলসিয়াস বেশি হতে পারে।
 
গত বছর এক পূর্বাভাসে বলা হয়েছিলো ২০১৫ সালে গড়ের চেয়ে বিশ্বব্যাপী তাপমাত্রা শূন্য দশমিক ৬৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। কিন্তু চলতি বছরের প্রথম দশ মাসের উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, ১৯৬১ থেকে ১৯৯০ সালের গড় তাপমাত্রার চেয়ে চলতি বছরে তাপমাত্রা শূন্য দশমিক ৭২ ডিগ্রি সেলসিয়াস বেশি। 
 
গবেষকরা বলছেন, এল-নিনো’র প্রভাব ২০১৬ সালেও চলতে থাকবে। এ কারণে ভারতের বৃষ্টিপাতের পরিমাণ কমে গেছে। আবহাওয়া অফিসের প্রফেসর স্কাইফ বলেন, তাপামাত্রা ২০১৬ সালে কী পরিমাণ বাড়বে তা এখনই বলা কঠিন তবে যে অবস্থা চলছে তাতে বলাই যায় চলতি বছরের চেয়ে তাপামাত্রা বেশিই হবে।
 

গত সপ্তাহে ফ্রান্সের রাজধানী প্যারিসে রাষ্ট্রগুলো এই তাপামাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার জন্য প্রচেষ্টা চালাতে সম্মত হয়েছে।