নতুন রেকর্ড গড়লো ‘থ্রিলার’

পপ সম্রাট মাইকেল জ্যাকসনের ঝুলিতে রয়েছে অসংখ্য রেকর্ড। অ্যালবাম থেকে শুরু করে তার স্টেজ পারফর্মেন্স ছিল চোখ ধাঁধানোর মতো। স্টেজে উঠলেই যেন তার যাদুকর নাচে পুরো স্টেজ ছড়িয়ে যেতেন তিনি। ক্যারিয়ারে শুরু থেকে অসংখ্য প্রাপ্তি যোগ হয়েছে এই পপ সম্রাটের জীবনে। মৃত্যুর পরও বিভিন্ন রেকর্ড নিয়ে শিরোনামে এসেছেন এই পপ সম্রাট। ১৯৮২ সালে রিলিজ পায় তার আলোচিত অ্যালবাম ‘থ্রিলার’।

 

অ্যালবামটির টাইটেল গান ‘থ্রিলার’-এর মিউজিক ভিডিও মুক্তির পরও রেকর্ড তালিকায় আসে। সম্প্রতি আবারও অ্যালবামটি নতুন করে রেকর্ড গড়লো। আমেরিকায় ৩০ মিলিয়ন কপি বিক্রির রেকর্ড গড়লো অ্যালবামটি। সেই সাথে বিশ্বব্যাপী অ্যালবামটি ১০০ মিলিয়ন কপি বিক্রি হলো। আমেরিকার রেকর্ডিং এসোসিয়েশনের সিইও বলেন, ‘এটি আমাদের কাছে গৌরবের বিষয় যে, এই সময় এসেও মাইকেল জ্যাকসনের থ্রিলার অ্যালবামটি রেকর্ড করেছে।

 

এ নিয়ে একটি বড় অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা আমরা করছি। বিশ্ব মিউজিক ইতিহাসে এটি একটি স্মরণীয় অর্জন। বিশ্ববাসী জানে জ্যাকসন মানে কি! তার অনন্য সৃষ্টি আজও মানুষের মাঝে চিরজীবী হয়ে আছে। মৃত্যুর পর তার অ্যালবামের যে রেকর্ড হলো তা নিঃসন্দেহে ভক্তদের ভালোবাসার প্রতিচ্ছবি।’