অঞ্জনের 'চিড়িয়াখানা'

 
আবারো রূপালী পর্দায় আসছে সত্যজিৎ রায় ও ‍উত্তম কুমারের জোড়া জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী সিনেমা 'চিড়িয়াখানা'। আরেক জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা অঞ্জন দত্ত এই চলচ্চিত্র পুনঃনির্মাণ করছেন। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে অঞ্জন দত্ত জানান, তার সিনেমা মূলত সাহিত্যানুগ এবং সত্যজিৎ রায়ের প্রভাবমুক্ত। বিশেষ করে ব্যোমকেশের চরিত্র চিত্রায়নের দিক থেকে।
 
অঞ্জন দত্ত বলেন, "আমার সিনেমা সত্যজিৎ রায়ের 'চিড়িয়াখানা' প্রভাবিত নয় এবং ব্যোমকেশও উত্তম কুমারের শৈলী ও ভাবধারা থেকে মুক্ত।"
 
শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত মূল উপন্যাসকে অবলম্বন করেই সিনেমা বানাবেন বলে জানালেন অঞ্জন দত্ত। নির্মাতা আরো জানালেন, ব্যোমকেশ বক্সির চরিত্রে ফিরবেন যিশু সেনগুপ্ত। এ নিয়ে 'ব্যোমকেশ বক্সি' সিরিজের পঞ্চম চলচ্চিত্রের ঘোষণা এলো অঞ্জন দত্তের কাছ থেকে।
 
এর আগে পশ্চিমবঙ্গের পত্রিকা দৈনিক আজকাল জানায়, সত্যান্বেষী ব্যোমকেশ বক্সিকে নিয়ে লেখা শরদিন্দু বন্দোপাধ্যায়ের মোট চারটি উপন্যাসের স্বত্ব কিনেছেন অঞ্জন দত্ত।
 
তবে টাইম অফ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে লেখকের সত্বাধিকারী প্রবীর চক্রবর্তী জানান, আগের চারটি ছাড়াও 'অগ্নিবীণা', 'উপসংহার', 'দূর্গ রহস্য', 'চিড়িয়াখানা' ও 'মগ্ন মৈনাক'- এর সত্ব ২০২০ সাল পযন্ত অঞ্জন দত্তের।
 
৬২ বছর বয়সী বহুমুখী এই শিল্পীর মতে, "সত্যজিৎ রায় কাজ করেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায় ও শরদিন্দু বন্দ্যোপাধ্যায়দের মতো বিখ্যাত ঔপন্যাসিকদের নিয়ে, মৃণাল সেন নির্ভর করেছেন সুবোধ ঘোষ ও প্রেমেন্দ্র মিত্রের প্রতি, আমাদের প্রজন্মে নির্মাতারা নিজেরাই গল্প লিখেছে। কিন্তু এখন আমরা আবার ফিরছি আমাদের মাস্টার্সদের সাহিত্য কর্মের কাছে।"
 
এর আগে 'ব্যোমকেশ বক্সি' (২০১৫), 'ব্যোমকেশ ফিরে এলো' (২০১৪), 'আবার ব্যোমকেশ' (২০১২), 'ব্যোমকেশ বক্সি' (২০১০) বানিয়ে নিজস্বতার প্রমাণ দিয়েছেন অঞ্জন দত্ত।