ব্ল্যাকবক্স ‘ভেঙ্গে গেছে’ ভূপাতিত রুশ বিমানটির

 
তুর্কি জঙ্গিবিমান থেকে গুলি করে ভূপাতিত করা রুশ বোমারুবিমানটির ব্ল্যাকবক্স ভেঙ্গে নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছে রাশিয়া। আকাশ সীমা লঙ্ঘন নিয়ে উভয় পক্ষের পরষ্পর বিরোধী বক্তব্যের কারণে ব্ল্যাকবক্সের তথ্য জানতে অধীর আগ্রহে অপক্ষা করছিল সবাই। মস্কোতে শুক্রবার রাশিয়ার বিশেষজ্ঞরা সাংবাদিক ও কূটনীতিকদের সামনে বিমানের কমলা রঙ এর ফ্লাইট রেকর্ডারটি খোলেন।
 
কর্নেল আন্দ্রেই সেমনভ বলেন, যন্ত্রটি বিমানের লেজের দিকের অংশে ছিল। তুর্কি বিমানের ক্ষেপণাস্ত্রের আঘাতে সেটি ভেঙ্গে গেছে। বিমানটি ভূপাতিত হওয়ায় কারণেও সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
 
রয়টার্স জানায়, ব্ল্যাকবক্সটি খোলার পর দেখা যায় সেটির কিছু ‘মেমরি চিপ’ ভেঙ্গে গেছে। বিশেষজ্ঞরা বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করে ভাঙ্গা ব্ল্যাকবক্স থেকেই তথ্য উদ্ধারের চেষ্টা করছে বলে জানিয়েছেন রাশিয়ার কর্মকর্তরা। সোমবার নাগাদ ব্ল্যাকবক্সের তথ্য জনসম্মুখে প্রকাশ করার কথা রয়েছে।
 
২৪ নভেম্বর তুরস্ক-সিরিয়া সীমান্তে রুশ বোমারুবিমানটি ভূপাতিত করে তুরস্কের বিমান বাহিনী। তুরস্কের দাবি কয়েক দফা সতর্ক করার পরও রুশ বিমানটি তাদের আকাশসীমা ছেড়ে না যাওয়ায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সেটিকে ভূপাতিত করা হয়।
 
রাশিয়ার দাবি তাদের বিমান তুরস্কের আকাশ সীমা লঙ্ঘন করেনি। এ ঘটনার পর ক্ষুব্ধ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একে ‘পিঠে ছুরি মারা’ বলে বর্ণনা করেন এবং তুরস্কের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন। বিডি নিউজ।