অভিনেতা দিলু গুরুতর অসুস্থ

মুক্তিযোদ্ধা, মঞ্চ ও টিভি নাটকের বিশিষ্ট অভিনেতা ও নাট্যনির্দেশক মজিবুর রহমান দিলু গুরুতর অসুস্থ। ব্যাকটেরিয়াজনিত সেপটিসেমিয়া বা রক্তে সংক্রমণ, কিডনিতে পাথর, ডায়াবেটিস, হাই ব্ল্যাড প্রেসারজনিত সমস্য নিয়ে গত ৮ ডিসেম্বর থেকে তিনি বারডেম হাসপাতালে ডা. মো. দেলওয়ার হোসেনের অধীন ভর্তি রয়েছেন। তার স্ত্রী রানী রহমান জানান, গত দুইদিন তিনি কিছুটা সুস্থ হলেও রক্তে সংক্রমনজনিত সমস্যা ও কিডনির পাথর চিকিৎসায় অপারেশনসহ বেশকিছুদিন হাসপাতালে অবস্থান করতে হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
 
উল্লেখ্য, ২০০৫ সালে তিনি ভয়াবহ গুলেন বারি সিনড্রোমে (জিবিএস) আক্রান্ত হয় প্রায় নয় মাস বারডেমের আইসিইউতে কোমায় থেকে সুস্থ হয়েছেন। মজিবর রহমান দিলুর উল্লেখযোগ্য মঞ্চ নাটক ‘আমি গাধা বলছি’, ‘নানা রঙ্গের দিনগুলি’, ‘জনতার রঙ্গশালা’, ‘নীল পানিয়া’, ‘আরেক ফাল্গুন’, ‘ওমা কি তামশা প্রভৃতি। এ ছাড়াও বিটিভিতে তথাপি, সময় অসময়, সংশপ্তক ইত্যাদি নাটকে অভিনয় করে বেশ খ্যাতি লাভ করেছেন। সংশপ্তকে তিনি বড় মালু চরিত্রে অভিনয় করেছিলেন।
 
স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে নিয়ে উত্তরার বসবাস করছেন। অভিনয়ের পাশাপাশি তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন। প্রিয়.কম।