সিরিয়া যুদ্ধ: জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে শান্তি প্রস্তাব পাস

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সিরিয়ায় অস্ত্র বিরতি সংক্রান্ত একটি প্রস্তাব গ্রহণ করেছে। গতকাল শুক্রবার নিউইয়র্কে ১৫ সদস্যের এই কাউন্সিল সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গ্রহণ করে যা খুব বেশি দেখা যায়নি।
 
আগামী বছরের শুরুতে সিরিয়া সরকার ও বিরোধীদের সঙ্গে আলোচনার পাশাপাশি এই দুই পক্ষের মধ্যে অস্ত্র বিরতির আহ্বান জানানোর কথা প্রস্তাবে বলা হয়। পঞ্চম বছরে পা দিতে যাওয়া সিরিয়া যুদ্ধে এখন পর্যন্ত আড়াই লক্ষ মানুষ নিহত হয়েছে এবং প্রায় ৪০ লক্ষ মানুষ গৃহহীন হয়েছে।
 
তবে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ভবিষ্যৎ নিয়ে মতানৈক্য থাকছেই। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স বলেছে, আসাদ সিরিয়াকে নেতৃত্ব দেয়ার সক্ষমতা হারিয়েছে। অপর দুই স্থায়ী সদস্য রাশিয়া ও চীন, আলোচনার জন্য আসাদের অবশ্যই পদত্যাগ করতে হবে এমন ধরণের শর্তের বিরোধিতা করেছে। প্রস্তাবেও আসাদের কী হবে সেটা উল্লেখ করা হয়নি। 
 
এই অস্ত্র বিরতি চুক্তিতে অবশ্য জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট অন্তর্ভুক্ত হবে না। রাশিয়া, ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্র অস্ত্র বিরতি চুক্তির পরেও এই জঙ্গি সংগঠনটির বিরুদ্ধে বিমান হামলা অব্যাহত রাখতে পারবে। বিবিসি।