জাবিতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি সাক্ষাৎকার শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ রবিবার পর্যন্ত চলবে। সাক্ষাৎকার শনিবার থেকে শুরু হয়।
 
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপ-নিবন্ধক (শিক্ষা) মোহাম্মদ আলী জানান, বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের অধীনে ৩৪ টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটে মেধা তালিকায় উত্তীর্ণ প্রার্থীদের এ সাক্ষাৎকার গ্রহণ হচ্ছে।
 
তিনি আরো জানান, শুধুমাত্র কলা ও মানবিক অনুষদভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা থাকায় এ দুই বিভাগের সাক্ষাৎকার বুধবার পর্যন্ত চলবে। এছাড়া মুক্তিযোদ্ধার সন্তান, আদিবাসী, দলিত সম্প্রদায় ও প্রতিবন্ধী কোটায় ভর্তির জন্য অগ্রণী ব্যাংক জাবি শাখায় ২০০ টাকা ফি জমা দিয়ে ফরম সংগ্রহ করে বুধবারের মধ্যে তা বিশ্ববিদ্যালয়ের ভর্তি শাখায় জমা দিতে হবে। সাক্ষাৎকারে উত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২৭ ডিসেম্বর । বিভিন্ন বিভাগে ভর্তি চলবে আগামী ৩০ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত।  এছাড়া ১৬ জানুয়ারি থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.juniv.edu)  পাওয়া যাবে।