দিল্লীতে ১৫ দিন স্কুল বন্ধ রাখার নির্দেশ

দিল্লী সরকার জোড় ও বিজোড় নম্বরের প্রাইভেট কার চলাচল স্কিম বাস্তবায়নে আগামী বছরের ১ জানুয়ারি থেকে ১৫ দিন রাজধানীর স্কুলগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।


আগামী বছরের পয়লা জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত রাজধানীতে এই স্কিম পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন করা হচ্ছে।


শিক্ষা পরিদপ্তর জানায়, এই সময়ের মধ্যে সকল সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।


দিল্লীতে বিজোড় নম্বরের গাড়িগুলো ১ জানুয়ারি থেকে সোমবার, বুধবার ও শুক্রবার চলবে।


এদিকে নগর সরকার গণপরিবহন ব্যবস্থা বাড়াতে নির্ধারিত হারে দিল্লী পরিবহন কর্পোরেশনের চাহিদা অনুযায়ী স্কুল বাস সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে।


শিক্ষা পরিদপ্তরের এক সরকারি আদেশে বলা হয়েছে, ‘বিজোড় ও জোড় নম্বরের গাড়ি চলাচল স্কীম পরীক্ষামূলকভাবে বাস্তবায়নের সময় আমাদের সন্তানদের যাতে সমস্যা খুব একটা না হয় এবং গণপরিবহণ বাড়াতে সরকার পয়লা জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সকল স্কুল বন্ধ রাখা এবং নির্ধারিত হারে ডিটিসি’র চাহিদা অনুযায়ী স্কুল বাস ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে’।


আদেশে আরো বলা হয়েছে, ‘এই নির্দেশনার ফলে শিক্ষা অধিকার আইন অনুযায়ী স্কুল খোলা রাখার দিনগুলোতে ব্যত্যয় ঘটতে পারে। তবে সরকারের ভাষ্য, জনস্বাস্থ্য সুরক্ষা ও আগামীতে শিশুদের কল্যাণের জন্য স্কুল খোলা রাখার যে নির্দিষ্ট সময় আগে বহাল ছিল তা নমনীয় করা হতে পারে’। বাসস