সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে সন্ত্রাসী হামলা, নিহত ৩

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে বোমা বিস্ফোরণ ও বন্দুক হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা বিবিসিকে জানান ঘটনাস্থল থেকে তিনি ধোঁয়ার মেঘ উড়তে দেখেছেন এবং বেশ কিছু মানুষকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিহতের সংখ্যা অন্তত তিনজন।


দেশটির এক পুলিশ কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, প্রথমে গুলি ছোঁড়ার মধ্য দিয়ে ওই হামলার সুচনা হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে।


প্রাথমিকভাবে এটা পরিষ্কারভাবে জানা যায়নি ঠিক কারা এই হামলার পেছনে দায়ী। হতাহতদের বেশিরভাগই সাধারণ নাগরিক। এই হামলায় হুসেইন আলী ওয়েহলিয়ে নামের এক আঞ্চলিক গভর্নরও আহত হয়েছেন। তবে তিনি হালকা জখম নিয়ে হামলা থেকে বেঁচে পালিয়ে যেতে সক্ষম হন।


গত কয়েক সপ্তাহজুড়ে জঙ্গি গোষ্ঠী আল শাবাব মোগাদিশুর রাজপথে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। গতমাসে মধ্য মোগাদিশুর একটি হোটেলে হামলা চালিয়ে ১৪ জনকে হত্যা করে আল শাবাব।


২০১১ সাল পর্যন্ত সোমালিয়ার একটি অংশজুড়ে আল শাবাব শাসন করত। এরপর আফ্রিকান ইউনিয়ন ও সোমালি সেনারা আল শাবাবকে মোগাদিশু থেকে বিতাড়িত করে।