ভোটের মাঠে প্রতিপক্ষ রাখতে চাইছে না সরকার : রিজভী

 
বিভিন্ন পৌরসভায় মেয়র প্রার্থীদের ভয়ভীতি দেখানোর পাশাপাশি উন্নয়নমূলক কর্মকাণ্ড উদ্বোধন করে আওয়ামী লীগের সংসদ সদস্যরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
 
শনিবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন।
 
মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে- পৌর নির্বাচনে সরকার ও নির্বাচন কমিশন পার্টনারশিপের ভিত্তিতে মেয়রসহ কাউন্সিলর পদগুলো ছিনিয়ে নিতে চাইছে। সরকারের গেইম থিওরির একটাই উদ্দেশ্য- মাঠে প্রতিপক্ষ না রাখা।
 
পৌর নির্বাচনে ক্ষমতাসীন দলের বিধি লঙ্ঘনের বিভিন্ন ঘটনা তুলে তিনি বলেন, নান্দাইল আসনের সংসদ সদস্য পৌর এলাকার বিভিন্ন স্থানে উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে ভোটারদের নৌকা প্রতীকে ভোট দেয়ার কথা বলছেন। ওয়ার্ডে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতিতে বিদ্যুতের খুঁটিও পুঁতছেন। শুধু তাই নয়, নাটোর ও চট্টগ্রামের সীতাকুণ্ডসহ বিভিন্ন পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে প্রকাশ্যে ভোট চাচ্ছেন সংসদ সদস্যরা।
 
এ ছাড়া রাজশাহী, কুষ্টিয়া, ঝিনাইদহ, ‍কুমিল্লা, ভোলা, ফরিদপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, বরগুনা, ঝালকাঠি, নোয়াখালীর চাটখিল পৌরসভাসহ বিভিন্ন স্থানে মন্ত্রী-সাংসদদের আচরণবিধি লঙ্ঘন, বিএনপির প্রার্থী-সমর্থকদের ভয়ভীতি প্রর্দশন এবং তাদের বাড়িঘরে হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
 
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, মাহবুবউদ্দিন খোকন, কেন্দ্রীয় নেতা সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।