শ্রমিকদের জন্য অষ্টম পে-স্কেল বাস্তবায়নে পে-কমিশন গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের একাংশ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শনিবার মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় সংগঠনের নেতারা এ দাবি জানান। পাশাপাশি সংগঠনটি গার্মেন্টস শ্রমিকদের বেতন নূন্যতম দশ হাজার টাকা নির্ধারণের দাবিও জানিয়েছে।
সংগঠনের সভাপতি মো. আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা, সিনিয়র সহ-সভাপতি মো. ইয়াছিন, সোহরাব হোসেন দিদার, আওরঙ্গজেব চৌধুরী সাজু, আহমদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দিদার হোসেন প্রমূখ।
সরকারের উদ্দেশ্যে আবুল খায়ের খাজা বলেন, ‘শ্রমিকদের কর্মক্ষেত্রে নির্যাতন-নিপীড়ন বন্ধ করে নিরাপত্তা প্রদান করতে হবে। অবিলম্বে রানা প্লাজায়, তাজরীন ফ্যাশনসহ সকল ক্ষতিগ্রস্থ শ্রমিকদের ক্ষতিপূরন নিশ্চিত করতে হবে। বর্তমানে যারা ক্ষতিগ্রস্থ শ্রমিক রয়েছেন তারা মানবেতর জীবন-যাপন করছেন। কিন্তু সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর কোনো খবর নিচ্ছে না। অবিলম্বে শ্রমিকদের প্রাপ্য ন্যায্য ক্ষতিপূরণ প্রদানের দাবীও জানান তিনি।