মাত্রাতিরিক্ত ওষুধ সেবনে মৃত্যুর রেকর্ড যুক্তরাষ্ট্রে

 
২০১৪ সালে মাত্রাতিরিক্ত ওষুধ সেবন করে ৪৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এর আগে মাত্রাতিরিক্ত ওষুধ সেবন জনিত কারণে এক বছরে এত মানুষের মৃত্যু হয়নি বলে জানিয়েছে দেশটির কর্মকর্তরা। শুক্রবার প্রকাশিত সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এর প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালের তুলনা ২০১৪ সালে ‍মৃত্যুর হার ৭ শতাংশ বেড়ে গেছে।
 
সিডিসি'র প্রতিবেদনে বলা হয়, 'যুক্তরাষ্ট্রে অতিরিক্ত ওষুধ সেবন জনিত কারণে মৃত্যু মহামারী আকার ধারণ করেছে।' অপিওড জাতীয় ব্যাথানাশক ওষুধ যেমন অক্সিকনটেইন এবং হাইড্রোকোডন অতিরিক্ত মাত্রায় সেবনের ফলে মৃত্যুর ঘটনা বেশি ঘটেছে।
 
সিডিসি’র প্রতিবেদনে বলা হয়, ৬১ শতাংশ মৃত্যুর জন্য অপিওড জাতীয় ওষুধ (যার মধ্যে হেরোইনও রয়েছে) দায়ী। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় চিকিৎসকের ব্যবস্থাপত্রে দেওয়া ওষুধ যোগাড় করা দুষ্কর হয়ে পড়ায় অনেকদিন ধরে বেদনা নাশক ওষুধ সেবন করা ব্যক্তিরা হেরোইনের দিকে ঝুঁকে পড়ে।
 
যুক্তরাষ্ট্র জুড়েই মৃত্যুর এই হার সুনির্দিষ্ট মাত্রায় বেড়েছে। সব বয়সের এবং সব জাতিধর্মের নারী-পুরুষের ক্ষেত্রেই মৃত্যুর হার বেড়েছে বলে সিডিসি'র প্রতিবেদনে বলা হয়েছে। বিডি নিউজ।