ইদানিং ধারাবাহিক নাটকেই ব্যস্ত হয়ে উঠেছেন অভিনেত্রী আনিকা কবির শখ। খণ্ড নাটকের পাশাপাশি এখন অনেকটা নিয়মিত ধারাবাহিকে। অন্যদিকে, চলচ্চিত্রের কোনো খবরেও নেই তিনি। সাগর জাহান পরিচালিত দু’টি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন শখ। ‘মিলার বারান্দা’ ও ‘এই কূলে আমি আর ওই কূলে তুমি’ শিরোনামের নাটক দুটিতে কাজ করছেন তিনি। এরমধ্যে ‘মিলার বারান্দা’ শিরোনামের নাটকটি শিগগিরই কোনো একটি বেসরকারি চ্যানেলে প্রচার শুরু হবে।
কাজের প্রতিযোগিতা দিন দিন বাড়ার সাথে সাথে দর্শক ঘাটতিও আমাদের বাড়ছে। দর্শক ঘাটতি ও তার অভিনীত ধারাবাহিক নাটক প্রসঙ্গে শখ বলেন, ‘এখন কাজ বেশি কিন্তু রেসপন্স কম। চ্যানেলের বিজ্ঞাপন, পাশাপাশি মানহীন কাজও এর জন্য দায়ী। আমরা প্রতিদিনই দর্শক হারাচ্ছি। ধারাবাহিক নাটক আমার খুব কম করা হয়েছে। আর সাগর ভাইয়ের সাথে যেহেতু আগে কাজ করেছি তাই তার ধারাবাহিক নাটক করতে আমি বেশ স্বাচ্ছন্দবোধ করছি। আর নিঃসন্দেহে তার কাজ প্রশংসিত।’