অপটিক্যাল ফাইবার ক্যাবলের মাধ্যমে নেটওয়ার্ক ডিজাইন থেকে শুরু করে গ্রাহক পর্যন্ত সংযোগ পৌঁছে দেওয়ার সব ধাপ নিয়ে বিকন ইনফোটেক আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে গতকাল রাজধানীর কাকরাইলে বিকন ইনফোটেকের কর্পোরেট কার্যালয়ে। ভারতের অপটিক্যাল ফাইবার নির্মাতা প্রতিষ্ঠান আপার ইন্ড্রাস্ট্রিজের সহায়তায় কর্মশালাটি পরিচালিত হচ্ছে।
কর্মশালায় দেশের তিন এনটিটিএন (ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন অ্যান্ড ট্রান্সমিশন নেটওয়ার্ক) প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লি. (বিটিসিএল), সামিট কমিউনিকেশন ও ফাইবার অ্যাট হোম ছাড়াও শীর্ষস্থানীয় আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স) এবং ক্যাবল টিভি অপারেটররা অংশ নিচ্ছেন কর্মশালায়। প্রতিদিন দুইটি সেশন করে মোট চারটি সেশনে অনুষ্ঠিত হচ্ছে এই কর্মশালা।
গতকাল কর্মশালার সূচনা বক্তব্য প্রদান করেন বিকন ইনফোটেকের হেড অব অ্যাডমিন জিকেএম সাদিকুল আমিন এবং সমাপনী বক্তব্য রাখেন বিকন ইনফোটেকের চেয়ারম্যান একেএম বেলাল হোসেন। কর্মশালায় প্রেজেন্টেশন প্রদান করেন আপার ইন্ডাস্ট্রিজের ওয়ার্কশপ ফ্যাসিলিয়েটর ওয়াইকে গুপ্তা। কর্মশালার প্রথম দিনের প্রথম সেশনে অংশগ্রহণ করে সামিট কমিউনিকেশনের ২১ জন প্রতিনিধি; দ্বিতীয় সেশনে অংশ নেয় ফাইবার অ্যাট হোম, বাংলা ডটনেট ও দৃক আইসিটি।
আজকের প্রথম সেশনে অংশগ্রহণ করবে বিটিসিএল এবং দ্বিতীয় সেশনে থাকবে ক্যাবল টিভি অপারেটরসহ শীর্ষস্থানীয় কয়েকটি আইএসপি কোম্পানি। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ প্রদান করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিকন ইনফোটেকের ব্যবস্থাপনা পরিচালক রাজীব দেব, আপার ইন্ডাস্ট্রিজের জিএম, এক্সপোর্ট মার্কেটিং আশিস ট্যান্ডন প্রমুখ।
কর্মশালা প্রসঙ্গে বিকন ইনফোটেকের রাজীব দেব বলেন, ‘সরকার দেশের প্রতিটি ইউনিয়নে অপটিক্যাল ফাইবার ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে। এই বিষয়ে সংশ্লিষ্টদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ এখনও পর্যন্ত কেউ গ্রহণ করেনি। আমরা অপটিক্যাল ফাইবার আমদানি করছি এবং ভবিষ্যতে দেশেই এই ক্যাবল উত্পাদনের লক্ষ্যও রয়েছে আমাদের। আমরা তাই এই কর্মশালা আয়োজন করেছি এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।’