ইন্দোনেশিয়ায় শতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবি

ইন্দোনেশিয়ার সুলায়েসিতে শনিবার বিক্ষুব্ধ সমুদ্রে শতাধিক যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই খবর জানিয়েছে এএফপি।
 
ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র জে. এ বারাতা বলেন, এই নৌকাতে ১১৮ জন মানুষ ছিল যার মধ্যে ১৯ জন শিশু ও দশজন ক্রু ছিল। কোলাকা থেকে ছেড়ে এসেছিল এই নৌকাটি।  
 
শনিবার অপরাহ্ণের দিকে এই নৌকা থেকে বিপদসংকেত পাঠানো হয়েছিল। রেডিও বার্তায় বলা হয়েছিল, সমুদ্রে চার-পাঁচ মিটার উঁচু ঢেউয়ের কারণে নৌকাটি দুর্ঘটনার শিকার হয়েছে। ইন্দোনেশিয়ার সরকারি বাহিনী উদ্ধার অভিযান পরিচালনা করছে। এখন পর্যন্ত চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
 
১৭ হাজার দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ার পরিবহন ব্যবস্থা ফেরি নৌকা নির্ভর। তবে প্রায়ই এই ধরণের নৌকাডুবির ঘটনা ঘটে থাকে। এএফপি ও এপি।