নির্বাচন সুষ্ঠু না হলে ফের আন্দোলন : মেজর হাফিজ

 

পৌর নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) যথাযথ ভূমিকা রাখতে না পারলে আবার আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহম্মেদ।

 

রবিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় হাফিজ এই হুঁশিয়ারি  দেন। পৌর নির্বাচনে ইসির ভূমিকা নিয়ে ‘অল কমিউনিটি ফোরাম’ নামের একটি সংগঠন ওই অনুষ্ঠানের আয়োজন করে।

 

হাফিজ বলেন, সরকারি দলের প্রার্থীরা যাতে বল প্রয়োগ করে নির্বাচিত হতে না পারেন, সে ক্ষেত্রে ইসি বলিষ্ঠ ভূমিকা রাখবে এটিই আমরা আশা করি। যদি তা না হয়, এই নির্বাচনের পর বিএনপি আবার আন্দোলনে যাবে।

 

হাফিজ উদ্দিন আহমেদ অভিযোগ করেন, পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী ও কর্মীদের কেবল হয়রানিই করা হচ্ছে না, সরকারের মন্ত্রী ও সরকার দলীয় এমপিরা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে নির্বাচন কমিশন ও সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।

 

হাফিজউদ্দিন বলেন, এই নির্বাচন সুষ্ঠু হবে এমন কোনো প্রমাণ আমরা দেখতে পাচ্ছি না। নোয়াখালীর চাটখিলে আমাদের মেয়র প্রার্থীকে জোর করে ধরে নিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করানো হয়েছে। তার পরিবারের সদস্যরা এখনো পালিয়ে বেড়াচ্ছে। এ সব দেখে মনে হচ্ছে, দেশ  থেকে গণতন্ত্র একেবারেই বিদায় নেবে। সরকারের মন্ত্রী-এমপিরা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছেন এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না।