প্রথম চলচ্চিত্রেই দর্শকদের এমন ভাল প্রতিক্রিয়া পাবো ভাবিনি : সানজিদা

বছরের শেষ মুহুর্তে এসে মুক্তি পেয়েছে রিয়াজুল রিজুর পরিচালনায় চলচ্চিত্র ‘বাপজানের বায়স্কোপ’। মূলত মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ের চিত্রই প্রাধান্য পেয়েছে চলচ্চিত্রটির গল্পে। চলচ্চিত্রটিতে নায়িকার ভুমিকায় ছিলেন সানজিদা তন্ময়। মডেলিং দিয়েই নিজ ক্যারিয়ার শুরু করেন তিনি। অর্ধনগ্ন হয়ে ছবি তোলায় এর আগে সমালোচনায় আসেন সানজিদা তন্ময়। কিন্তু এবার ‘বাপজানের বায়স্কোপ’ শিরোনামের চলচ্চিত্রটি দিয়ে সবার আলোচনায় এসেছেন তিনি।
 
সানজিদার ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্র ‘বাপজানের বায়স্কোপ’। সেক্ষেত্রে চলচ্চিত্রটির দর্শক প্রতিক্রিয়া বিষয়ে তিনি জানান, প্রথম চলচ্চিত্রেরই দর্শকদের এমন ভাল প্রতিক্রিয়া পাবো ভাবিনি। চলচ্চিত্রটি মুক্তির পর থেকেই আমি বেশ কয়েকটি হল পরিদর্শন করেছি। যেগুলোর বেশি ভাগই ছিল হাউস ফুল। এছাড়া সামাজিক যোগাযোগের মাধ্যম গুলোতেও আমি ইতিবাচক সারা পাচ্ছি। আর এরকম ব্যাতিক্রম ধর্মী চরিত্রে অভিনয় করতে পেরে আমি নিজেও খুব তৃপ্ত।’
 
IMG0
প্রথম চলচ্চিত্রের পর তার চলচ্চিত্রের কাজে ধারাবাহিকতা থাকবে কি না সে প্রসঙ্গে তিনি জানান, ‘আমি মূলত নাটক করতেই বেশি পছন্দ করি। সেক্ষেত্রে চলচ্চিত্রে যদি ভাল গল্পের প্রস্তাব পাই তাহলে কাজ করার ইচ্ছে আছে। এই যেমন সম্প্রতি আমি ‘অন্তহীন ভালবাসা’ শিরোনামের একটি চলচ্চিত্রে সাইন করেছি। চলচ্চিত্রটিতে আমার বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করবেন শাহেদ শরিফ খান। এই চলচ্চিত্রটির গল্প আমার খুবই ভাল লেগেছে। আর তাই অনেক কাজ হাতে থাকার পরও আমি এই চলচ্চিত্রটিতে সাইন করেছি।’
 
এছাড়াও সানজিদা তার অন্যান্য কাজ গুলো প্রসঙ্গে জানান, ‘শুন্য’ ও ‘শেষ চুম্বন’ শিরোনামের দুইটি চলচ্চিত্রে কাজ করছি। সেই সাথে অভিনয় করে যাচ্ছি ‘তিন গোয়েন্দা’ সহ বেশ কয়েকটি নাটকে।