হয়রানির মুখে শুভশ্রী

কলেজের বার্ষিক অনুষ্ঠানে যোগ দিতে এসে হয়রানির মুখে পড়লেন অভিনেত্রী শুভশ্রী। তৃণমূল ছাত্র পরিষদ-পরিচালিত ছাত্র সংসদের বার্ষিক অনুষ্ঠানে এই ঘটনার জেরে অস্বস্তিতে শাসকদলের ছাত্র সংগঠন। অস্বস্তিতে পড়েছে কলেজ কর্তৃপক্ষও। প্রচুর পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও কী করে টলিউডের নায়িকার সঙ্গে এমন হয়রানির ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে পুলিশ-প্রশাসন।
 
এই ঘটনার প্রতিবাদে শুভশ্রী মঞ্চে উঠে দু-মিনিটের মধ্যে নেমে যান।  দৃশ্যতই ক্ষুব্ধ শুভশ্রী  মাইক হাতে বলেন, ‘তাঁর সঙ্গে যে আচরণ করা হয়েছে তা কোনও মেয়ের সঙ্গে হওয়া উচিত নয়।’ তিনি আরও বলেন, ‘আমি মেয়েদের বিশেষ করে বলতে চাই, ছেলেরা আমার সঙ্গে ভীষণ বাজে ব্যবহার করেছে। এর জন্য আমার মানসিক অবস্থা ভাল নয়।’ এর পরেই তিনি মঞ্চ থেকে নেমে চলে যান। পুলিশ বাহিনী ব্যারিকেড করে তাঁকে গাড়িতে তুলে দেয়।
IMG0
কলেজের বাৎসরিক অনুষ্ঠানে শুভশ্রী আসছেন বলে রীতিমতো প্রচার চালানো হয় তৃণমূল ছাত্র পরিষদ-পরিচালিত ছাত্র সংসদের পক্ষ থেকে। দুপুর থেকে ভিড় উপচে পড়তে থাকে কলেজ মাঠে। দুপুর থেকে চলছিল সঙ্গীতানুষ্ঠান। সকলে শুভশ্রীর অপেক্ষায় ছিলেন। সে জন্য প্রচুর পুলিশ মোতায়ন করা হয়। শুভশ্রীর গাড়ি কলেজে পৌঁছতে একদল যুবক তাঁকে ঘিরে ধরে। অনেকেই নায়িকাকে ছোঁয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। মুহূর্তের মধ্যে কয়েকগুণ ভিড় উপচে পড়ে নায়িকাকে ঘিরে। পুলিশ চেষ্টা চালালেও ভিড় থেকে নায়িকাকে উদ্ধার করতে পারেনি। উল্টো একদল যুবক শুভশ্রীর সঙ্গে অশোভন আচরণ শুরু করে। কোন ভাবে ভিড় ঠেলে শুভশ্রীকে মঞ্চে নিয়ে যাওয়া হয়। ততক্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছেন শুভশ্রী। ক্ষোভে ফেটে পড়েন তিনি।
 
এক্ষেত্রে ঘটনার জেরে ‘বহিরাগতদের’ দিকে আঙুল তুলেছে টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদ। ফালাকাটা কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক অনন্ত সরকার বলেন, ‘শুভশ্রীর উপর যা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এটা মানা যায় না। যারা ওই কাণ্ড ঘটিয়েছে, তারা বহিরাগত। আমরা তাদের চিহ্নিত করছি।’