আগামী সপ্তাহে ঢাকায় বাংলাদেশ-ভারত সীমান্ত বৈঠক

আগামী সপ্তাহে ঢাকায় শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশ উচ্চপর্যায়ের সীমান্ত আলোচনা। ২২ থেকে ২৭ ডিসেম্বর হতে চলা ৬ দিনের এই ষান্মাসিক বৈঠকে উপস্থিত থাকতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর ডিরেক্টর জেনারেল ডি কে পাঠকের নেতৃত্বে ২৩ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল বাংলাদেশে যাবে। বাংলাদেশের পক্ষে উপস্থিত থাকবেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা। নেতৃত্ব দেবেন বিজিবি ডিজি মেজর জেনারেল আজিজ আহমেদ। খবর বিজনেস স্ট্যান্ডার্ডের।
 

জানা গেছে, বৈঠকে সীমান্ত সমস্যাগুলি নিয়ে আলোচনা হবে। সেখানে সীমান্ত বরাবর অনুপ্রবেশ, মাদক চোরাচালান, গবাদি-পশু পাচারসহ বিভিন্ন বিষয় উত্থাপন করবে ভারত। পাশাপাশি জঙ্গি কার্যকলাপ থেকে শুরু করে জাল নোট চক্রও থাকবে আলোচ্য বিষয়ে। অন্যদিকে সীমান্তে বিএসএফের হাতে নিরীহ বাংলাদেশিদের হত্যা বন্ধ করতে ভারতের সহযোগিতা চাইতে পারে বিজিবি। দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আরও সহযোগিতা ও সমন্বয় যাতে গড়ে তোলা যায়, সেই দিকেও নজর দেয়া হবে।