বিএনপির ক্ষমতার বাইরে থাকায় নির্বাচন কমিশন (ইসি) তাদের প্রতি সহানুভূতিশীল আচরণ করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ মাহবুব উল আলম হানিফ। তিনি ইসিকে সব দলের প্রতি সমান আচরণ করার আহ্বান জানান।
সোমবার বিকেল ৪টার দিকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ডাকা একটি সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
মাহবুব উল আলম হানিফ অভিযোগ করেন, ‘আমরা গত কয়েকদিন ধরেই লক্ষ্য করছি, নির্বাচন কমিশন নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনে আওয়ামী লীগের প্রার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। কিন্তু বিএনপি প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও ব্যবস্থা নেয়া হয়নি।’
‘শেখ হাসিনার স্থান বঙ্গভবনে নয়, পাবনার পাগলা গারদে’ রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে খালেদা জিয়ার এমন বক্তব্যে প্রতিক্রিয়া হানিফ বলেন, ‘খালেদা মানসিক ভারসাম্য ফেলেছেন। তিনি মানসিক ভারসাম্য হারিয়ে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে অশালীন ও কুৎসিক বক্তব্য রাখছেন।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক ড. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, বাহাউদ্দিন নাসির, দপ্তর আবদুস সোবহান গোলাপ, শ্রম বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন সিরাজ প্রমুখ।