স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, অ্যানেন্থেশিস্ট ও বিশেষজ্ঞ চিকিৎসকের শুণ্যতা পূরণে উদ্যোগ নিচ্ছে সরকার।
সোমবার সচিবালয়ে স্বাস্থ্য শিক্ষা ও চিকিৎসা সেবার মানোন্নয়ন সম্পর্কিত এক সভায় তিনি এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, সরকার হাসপাতালগুলোতে অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপন করছে, চিকিৎসক সংকট দূর করেছে। ফলে জনগণ এখন সহজে স্বাস্থ্য সেবা পাচ্ছে। কিন্তু প্রয়োজনীয় সংখ্যক অ্যানেন্থেশিস্ট না থাকায় জটিল অপারেশন বিঘ্ন হওয়ার বিষয়টি মোটেও কাম্য নয়। তাই অ্যানেন্থেশিস্ট পদ সংখ্যা বাড়ানোসহ পদায়ন এর জন্য দ্রুত উদ্যোগ নিতে হবে। রোগীদের গ্রাম থেকে রাজধানীর বিশেষায়িত হাসপাতাল পর্যায় পর্যন্ত চিকিৎসা নেয়ার জন্য রেফারেল ব্যবস্থা চালু এবং দেশের সরকারি ও বেসরকারি অ্যাম্বুলেন্সসমূহকে পরিচালনার জন্য একটি নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন বিষয়ে আলোচনা হয়।
এ সময়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, বিএমএ’র সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলানসহ বিভিন্ন সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ, বাংলাদেশ অ্যানেসথেসিওলজি সোসাইটি, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ মন্ত্রণালয় ও অধিদপ্তর এবং বিএমডিসি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।