কেজরিওয়ালের বিরুদ্ধে জেটলির মানহানি মামলা

 
ভারতীয় জনতা দলের (বিজেপি) জ্যেষ্ঠ নেতা ও অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং আম আদমি পার্টির প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মধ্যে চলমান বাকযুদ্ধ নতুন মাত্রা পেয়েছে।
 
সোমবার দিল্লির একটি আদালতে কেজরিওয়ালের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করেছেন জেটলি। কেজরিওয়ালসহ আম আদমি পার্টির অন্য নেতারা কয়েক দিন থেকেই অভিযোগ করে আসছেন, দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনে থাকার সময় জেটলি আর্থিক দুর্নীতি করেছেন। ১৩ বছর তিনি দিল্লি ক্রিকেট বডির প্রধান ছিলেন।
 
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দিল্লির একটি আদালতে ১০ কোটি টাকার মানহানির মামলা করেন জেটলি। এ সময় তার সঙ্গে ছিলেন বেঙ্কাইয়া নাইডু, স্মৃতি ইরানি ও পিযুষ গয়াল।
 
আদালত থেকে বের হয়ে অরুণ জেটলির আইনজীবী বলেন, ‘আমার মক্কেল ডিডিসিএ (দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন) থেকে একটি পয়সাও নেননি। আম আদমি পার্টি মিথ্যা অভিযোগ এনে আমার মক্কেলের সুনাম ক্ষুণ্ন করেছে।’ফেসবুক, টুইটারসহ গণমাধ্যমেও এ ধরনের অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগ করেন আইনজীবী।
 
এ বিষয়ে অরবিন্দ কেজরিওয়াল টুইটারে মন্তব্য করেন, ‘জেটলি মহাশয়, আদলতে মামলা করে আমাদের ভয় দেখানোর চেষ্টা করবেন না। দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আপনার উচিত দুর্নীতি অনুসন্ধানে দিল্লি সরকারকে সহযোগিতা করা।’
 
আম আদমি পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, অরুণ জেটলির বিরুদ্ধে প্রাথমিক তথ্যপ্রতিবেদন নথিভুক্ত করা হবে। আগামী বিধানসভার বিশেষ অধিবেশনে তাকে ডাকা হতে পারে।