বেশি টাকা চাইতে কিছুটা বিব্রত বোধ করি

হলিউড থেকে বলিউড সব জায়গাতেই সমালোচনা হচ্ছে নায়কদের তুলনায় নায়িকাদের কম পারিশ্রমিক নিয়ে। প্রথম দিকে যারা কম পারিশ্রমিকের বিরুদ্ধে কথা বলেছিলেন তাদের মধ্যে জেনিফার লরেন্স অন্যতম।
 
মাস দুয়েক আগে সনির একটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর বলেছিলেন, 'যখন আবিষ্কার করলাম কিছু সৌভাগ্যবানের চেয়ে আমি কম পারিশ্রমিক পাই, সনির ওপর তখন কিন্তু রাগ হয়নি। রাগ হয়েছে নিজের ওপর। কেন ওদের সঙ্গে আরো বেশি দর কষাকষি না করে আগেই হাল ছেড়ে রাজি হয়ে গেলাম।'
 
এদিকে সম্প্রতি সিবিএস নিউজককে লরেন্স বলেন, 'আমি পারিশ্রমিক নিয়ে দর কষাকষি করতে যথেষ্ট অস্বস্তি বোধ করি। বেশি টাকা চাইতে কিছুটা বিব্রত বোধ করি। এই প্রসঙ্গে নারীদের প্রতি যে কথাগুলো ব্যবহার করা হয়, আমি চাই না সে কথাগুলো আমার ক্ষেত্রেও কেউ বলুক। আমি চাই, অন্য কেউ যেন লিঙ্গবৈষম্য ও পারিশ্রমিক নিয়ে আমাকে দোষারোপ করতে না পারে।'
 
উল্লেখ্য, 'এক্স মেন', 'হাঙ্গার গেইমস' সিরিজের ২৫ বছর বয়সী এই অভিনেত্রী ফোর্বসের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় শীর্ষে রয়েছেন।