সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে তথ্যপ্রযুক্তির দেশীয় বাজার উন্নয়নের প্রত্যাশা নিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সপ্তদশ বার্ষিক সাধারণ সভা। বেসিস সভাপতি শামীম আহসানের সভাপতিত্বে সভায় বেসিসের সদস্য কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন।
সভায় বেসিস মহাসচিব উত্তম কুমার পাল বেসিসের ২০১৫ সালের কর্মকাণ্ডের বিবরণী এবং কোষাধ্যক্ষ শাহ ইমরাউল কায়ীশ ২০১৪-১৫ অর্থ-বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পেশ করেন। পেশকৃত এসব প্রতিবেদনের ওপর সভায় উপস্থিত সদস্যরা আলোচনায় অংশ নেন ও মতামত দেন।
সভায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচির উল্লেখযোগ্য অংশ যাতে তথ্যপ্রযুক্তি খাতের স্থানীয় বাজার উন্নয়নে ভূমিকা রাখে সে বিষয়ে সরকারের সাথে বেসিসের সম্পৃক্ততা আরও জোরদার করার জন্য সদস্যরা আহ্বান করেন।