হেলমান্দের একটি শহর দখল করে নিয়েছে তালেবান

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের একটি শহর দখল করে নিয়েছে তালেবান জঙ্গিরা। এই শহর দখলকে কেন্দ্র করে সাম্প্রতিক লড়াইয়ে অন্ততপক্ষে ৯০ সেনা নিহত হয়েছে। এদিকে পাকিস্তানি তালেবানের পাশাপাশি আফগান তালেবানের বিরুদ্ধেও একই রকম ব্যবস্থা নেয়ার জন্য পাকিস্তানের প্রতি আহবান জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড ওলসন। খবর বিবিসি ও ডনের।
 
কয়েক মাসব্যাপী সংঘর্ষের পর হেলমান্দের একটি শহরের কেন্দ্রস্থল দখল করে নিয়েছে তালেবান জঙ্গিরা। আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল সোমবার এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। জঙ্গিরা ইতোমধ্যেই সানজিন শহরের পুলিশ সদর দপ্তর দখল করে নিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শহরের অন্য অংশে লড়াই অব্যাহত ছিল। এর আগে গত রবিবার হেলমান্দের ডেপুটি গভর্নর মোহাম্মদ জান রাসূলিয়ার ফেসবুকে এক খোলা চিঠিতে দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানির কাছে সরকারি সহযোগিতার ঘাটতি নিয়ে অভিযোগ করেছিলেন। তালেবানের হাতে শহরটির পতন হতে পারে বলেও তিনি সতর্ক করেছিলেন।
 
সাম্প্রতিক লড়াইয়ে কমপক্ষে ৯০ জন সেনা নিহত হয়েছেন এবং ঘানির কাছের লোকেরা পরিস্থিতির সত্যতা সম্পর্কে তাকে স্পষ্ট ধারণা দিচ্ছে না— এমন অভিযোগও করেছেন রাসূলিয়ার।
 
তিনি বলেন, ‘শত্রুদের হাতে হেলমান্দের পতন হবে এবং এটা কুন্দুজ না, যেখানে আমরা সেটি পুনর্দখল করতে বিমান বন্দর থেকে একটি অভিযান শুরু করতে পারবো। এটা অসম্ভব ও একটি স্বপ্ন মাত্র।’ উল্লেখ্য, তালেবান জঙ্গিরা গত সেপ্টেম্বরে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজ দখল করে নিয়েছিল। তবে এর কয়েকদিন পর সরকারি বাহিনী সেটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়। গত কয়েক মাসে তালেবান বিদ্রোহীরা আফগান সেনাবাহিনীর ওপর বেশ কয়েকটি হামলা চালায়।
 
ফেসবুকের পোস্ট ব্যবহার করে প্রদেশটিতে সরাসরি হস্তক্ষেপের জন্য প্রেসিডেন্টের কাছে ডেপুটি গভর্নর রাসূলিয়ারের অনুরোধটি আফগান প্রশাসনের বিভক্তির বিষয়টিকে আবারো সামনে নিয়ে এসেছে। তার এই পোস্টের ব্যাপারে সেনাবাহিনীর মুখপাত্র মোহম্মদ রাসূল জাজাই কোনো মন্তব্য না করলেও তিনি বলেছেন, কখনোই হেলমান্দের পতন হবে না। আর পুলিশ প্রধান আব্দুর রহমান সারজাং বলেছেন, ‘হেলমান্দে আমাদের শক্তিশালী বাহিনী রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে কৌশলগত কারণে আমরা এলাকা ত্যাগ করি, কিন্তু সব বাহিনী একত্রে ভালো কাজ করছে এবং খুব শীঘ্রই আমাদের খবর দেয়ার মতো বড় অগ্রগতি থাকবে।’