বিজিবির সঙ্গে উচ্চ পর্যায়ের সীমান্ত বৈঠকে আজ মঙ্গলবার ঢাকায় আসছে বিএসএফ এর ২৩ সদস্যের প্রতিনিধি দল। সাম্প্রতিক শীর্ষ জঙ্গিদের হস্তান্তর ও সীমান্তে গরু পাচারের প্রেক্ষাপটে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
বিএসএফ এর মহাপরিচালক ডিকে পাঠকের নেতৃত্বাধীন এই প্রতিনিধি দল ঢাকায় ছয়দিন অবস্থান করবেন। দুই সীমান্ত নিরাপত্তা সংস্থার মহাপরিচালক পর্যায়ের এই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
উলফা নেতা অনুপ চেটিয়া হস্তান্তরের পরে এই বৈঠক একটি ‘ভালো সময়ে’ হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ২২ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য এই বৈঠকে সীমান্তে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি সীমান্তে গরু ও অবৈধ পণ্য পাচার বন্ধ করার বিষয়ে আলোচনা হবে। এই বৈঠকে আগামী মাসে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের সুন্দরবনে বিজিবি-বিএসএফ যৌথ অনুশীলন বিষয়ক পরিকল্পনা চূড়ান্ত করা হবে। এর আগে গত আগস্টে বিজিবির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ভারতে গিয়েছিল।