ইন্দোনেশিয়ায় বনে ভয়াবহ আগুন লাগার ঘটনায় ভূমিকার জন্য ২০ টি’রও বেশি কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে। ভয়াবহ ওই আগুনে ১৯ জনের মৃত্যু হয়।
আগুন লাগার পিছনে ভূমিকা থাকার অভিযোগে তিনটি কোম্পানির লাইসেন্স জব্দ করার পর স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছে। আগুনে দেশটির এক হাজার ৬শ’ কোটি ডলারের ক্ষতি হয়েছে। এই প্রথমবারের মত দেশটির সরকার বনে আগুন লাগার ঘটনায় কোম্পানিগুলোর লাইসেন্স জব্দ করলো। কোম্পানিগুলো জমি পরিষ্কার করতে বর্জ্য পোড়ানোয় আগুনের সূত্রপাত ঘটে থাকে।
এদিকে পরিবেশ মন্ত্রণালয়ও ১৪ টি কোম্পানির কার্যক্রম সাময়িক বন্ধ করে দিয়ে বলেছে, আগুন প্রতিরোধে সরকারের শর্ত পূরণ করতে না পারলে এসব কোম্পানিও স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হতে পারে।
এছাড়া বেশ কয়েকটি কোম্পানিকে জোরালো সতর্কবার্তা দেয়া হয়েছে এবং সেগুলো কঠোর নজরদারিতে রাখা হবে। পরিবেশ মন্ত্রণালয়ের কর্মকর্তা কেমাল আমাশ বলে, আমরা মোট ২৩ টি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছি। এগুলোর ওপর প্রশাসনিক নিষেধাজ্ঞা থেকে শুরু করে লাইসেন্স জব্দ করা হয়েছে। আরো ৩৩ টি কোম্পানিকে এই প্রক্রিয়ায় রাখা হয়েছে। আগুন লাগার ঘটনায় তাদের সম্পৃক্ততা পাওয়া গেলে এগুলোর লাইসেন্সও জব্দ করা হবে।
গত সেপ্টেম্বরে আগুন লাগার পর থেকে এ পর্যন্ত পরিবেশ মন্ত্রণালয় মোট ২৭৬ কোম্পানির বিরুদ্ধে তদন্ত করছে। পরিবেশবাদীরা সরকারের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। এএফপি।