ভূমি সংক্রান্ত সব সেবা ‘ভূমি ভবন কমপ্লেক্সে’

 
ঢাকা শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ভূমি সংক্রান্ত কার্যালয়গুলো এক ভবনে নিয়ে আসতে ‘ভূমি ভবন কমপ্লেক্স’ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
 
বৈঠকের পর সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, তেজগাঁওয়ে প্রায় ১৪০ কোটি টাকা ব্যয়ে ২০তলার ভিত্তির উপর ১৩ তলা এই ভবন নির্মাণ করা হবে। রাজধানীবাসী ভূমি সংক্রান্ত সকল প্রশাসনিক সেবা এই ভবন থেকেই পাবেন। এসব প্রকল্পের পুরো অর্থই দেশীয় সম্পদ থেকে যোগানো হবে।
 
তিনি বলেন, ভূমি ভবন কমপ্লেক্স প্রকল্পটি রাজধানীবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। ২০১৮ সালে এ ভবনের নির্মাণ কাজ শেষ হলে জনগণের ভোগান্তি কমে আসবে। জনগণকে উত্তম ও সহজ সেবা দিতে কার্যালয়গুলোকে এক ছাদের নিচে নিয়ে আসতে এ প্রকল্প নেয়া হয়েছে।
 
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই প্রকল্পসহ ৭৫৯ কোটি ১২ লাখ টাকার মোট পাঁচটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়।
প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, ভূমি সংস্কার বোর্ড, ভুমি আপিল বোর্ড, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের ঠিকানা হবে এই কমপ্লেক্স।
 
সভায় অনুমোদন পাওয়া অন্য প্রকল্পগুলো হল- ১২৭ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ের ‘ময়মনসিংহ কারাগার সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্প’; ২৩১ কোটি ৬৭ লাখ টাকার ‘অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প (পিআরডিপি) তৃতীয় পর্যায়’; ১৭২ কোটি টাকার ‘কৃষি উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে ভূ-উপরিস্থ পানি ব্যবহারের জন্য রাবার ড্যাম নির্মাণ’ প্রকল্প এবং ৮৮ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে ‘অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন (তৃতীয় পর্যায়) প্রকল্প’।