'বড়দিনে চার্চ ও কূটনৈতিক পাড়ায় বিশেষ নিরাপত্তা'

 
বড়দিন উদযাপনের সময় বাংলাদেশের সকল চার্চ ও কূটনৈতিক এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মন্ত্রী আজ বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বড়দিন ও ৩১ ডিসেম্বর রাতের নিরাপত্তাবিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ কথা বলেন।
 
তিনি বলেছেন, খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপন এবং ৩১ ডিসেম্বর রাতের যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সরকার কঠোর নিরাপত্তা গ্রহণ করবে।
 
এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হোসেন খান, পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোখলেসুর রহমান, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক নির্মল ডি রোজারিওসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিবৃন্দ।
 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন ও ঈদে মিলাদুন্নবী একদিনে হওয়ায় আশা করি কোনো বিড়ম্বনার সৃষ্টি হবে না। কারণ ধর্ম যার যার, উৎসব সবার। দুটি ধর্মীয় উৎসব আনন্দময় ও শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রয়োজনীয় নিরাপত্তা গ্রহণ করা হবে।
 
তিনি বলেন, বড়দিন উপলক্ষে দেশের প্রতিটি গির্জায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে। সুন্দর ও শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপনের জন্য সরকারের পক্ষে সকল প্রকার নিরাপত্তা নিশ্চিত করা হবে।