বিনামূল্যে বিতরণের জন্য সরকারি পাঠ্যপুস্তক মানসম্মত না হলে সরবরাহকারীদের জরিমানার অর্থ গুণতে হবে বলে হুঁশিয়ার করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের উদ্যোগে এক সংলাপে অংশ নিয়ে মন্ত্রী এ কথা বলেন।
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় এই সংলাপে সভাপতি শ্যামল সরকারও উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, ‘এত বই আলাদা করে দেখবার জন্য হাজার হাজার লোক লাগালেও সম্ভব না। আমাদের এই সব দেশে কিছু সমস্যা থেকেই থাকে। আমরা চেষ্টা করি, যত পরিদর্শন, যত বেশি চাপ দেয়া যায় রাখতে।’
প্রাথমিকের বই ছাপায় বিশ্ব ব্যাংকের ‘সামান্য’ অর্থায়ন রয়েছে জানিয়ে তিনি বলেন, এজন্য কিছু শর্ত মানতে হয়। তাই ছাপাটা দেরিতে শুরু হয়েছে। আপনারা নিশ্চিত থাকতে পারেন, ছাপা হয়ে যথাসময়ে বই পৌঁছে যাবে। মঙ্গলবার নাগাদ ৮০ ভাগ বই বিদ্যালয়গুলোতে পৌঁছে গেছে বলে জানান তিনি।
এবার ছাপানো অনেক বই পড়ার অযোগ্য বলে অভিযোগের দিতে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, ‘শতভাগ মান অর্জন একটা বড় চ্যালেঞ্জ। এটা প্রায় অসম্ভব। ৮০ ভাগ হলেও আমরা সন্তুষ্ট।’
তিনি বলেন, ‘মান সম্মত বই দিতে না পারা একটা ব্যর্থতার প্রশ্ন। আমরা এটা নিয়ে ভালো করে অনুসন্ধান করব। যারা এর জন্য দায়ী হবেন, তাদের সিকিউরিটি মানি আগে ১০ শতাংশ ছিলো, ঝুট ঝামেলার আমি ১৫ শতাংশ করে দিয়েছি, সেই অর্থ জরিমানা গুণতে হবে।’