আসন্ন পৌর নির্বাচনে ভোটে সেনা মোতায়েনে বিএনপির দাবি নাকচ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।
‘পরিস্থিতির ওপর নজর রাখছি। গোয়েন্দা সংস্থা ও অন্যদের প্রতিবেদন পর্যালোচনা করে দেখেছি, এখন পর্যন্ত ও রকম (সেনা মোতায়েনের মতো) পরিস্থিতি বা আলামত সৃষ্টি হয়নি।’
মঙ্গলবার বিএনপির প্রতিনিধি দল দাবি জানিয়ে আসার পর সিইসি সন্ধ্যার পর তার কার্যালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
বিকালে আবদুল মঈন খানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল ৩০ ডিসেম্বরের ভোটে সেনা মোতায়েনের দাবি জানিয়ে আসে।
ইসি আগেই বলে আসছিল, স্থানীয় সরকারের এই নির্বাচনে সেনা মোতায়েনের কোনো প্রয়োজন দেখছে না। বিএনপির দাবি, নির্বাচনে এখনও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি না হওয়ায় সেনা মোতায়েন প্রয়োজন।
সিইসির সঙ্গে দেখা করার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খানের কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিল, সেনা মোতায়েন না হলে কী করবে তার দল?
সংসদ নির্বাচন বর্জনের পর স্থানীয় সরকারের এই নির্বাচনে আসা বিএনপির এই নীতি-নির্ধারক তখন বলেছিলেন, ইসির সিদ্ধান্ত জানার পর তারা বিষয়টি পর্যালোচনা করবেন।
সিইসির বক্তব্য পাওয়ার পর বিএনপির কোনো নেতার প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।