যুক্তরাষ্ট্রের বাঁধের কম্পিউটার সিস্টেমে ইরানের সাইবার হামলা

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কাছাকাছি অবস্থিত একটি বাঁধের নিয়ন্ত্রণ ব্যবস্থার কম্পিউটার সিস্টেম ইরানি হ্যাকাররা হ্যাক করেছিল বলে জানিয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল।
 
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ২০১৩ সালের ওই সাইবার হামলায় কম্পিউটার প্রোগ্রামিং সিস্টেম এর কোনো ক্ষতি করা হয়নি, তবে বন্যা নিয়ন্ত্রণে কম্পিউটার কীভাবে কাজ করে এ সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করে নিয়েছিল ইরানি হ্যাকাররা।
 
নিউ ইয়র্কের রাই-এ অবস্থিত বোম্যান এভিনিউ বাঁধ নিয়ন্ত্রণের বিস্তারিত সব তথ্য হ্যাকাররা চুরি করে নিতে সক্ষম হয়েছিল বলে নিশ্চিত করেছেন ওই ঘটনা তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
 
তদন্তকারীদের সন্দেহের আঙুল ইরানের দিকেই ছিল এবং পরবর্তীতে দেশটি যুক্তরাষ্ট্রের উপর সাইবার আক্রমণের ক্ষমতা রাখে বলে সতর্ক করে দেওয়া হয় মার্কিন শাসকগোষ্ঠীকে। বোম্যান এভিনিউতে হামলাকারীদের যুক্তরাষ্ট্রের আরও তিনটি আর্থিক প্রতিষ্ঠানের উপর সাইবার হামলার মূল হোতা হিসেবে সন্দেহ করা হয়।
 
যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর ক্ষতিসাধন হ্যাকারদের মূল উদ্দেশ্য নয় বলে জানিয়েছেন তদন্তকারীরা। কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইরানের সম্পর্ক খারাপ দিকে গেলে হ্যাকিংয়ের মাধ্যমে সংগ্রহ করা ডেটা হ্যাকাররা কাজে লাগাতে পারেন বলে আশঙ্কা  করছেন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ রবার্ট লি।
 
অনেক কম্পিউটার সিস্টেম বেশ পুরানো হওয়ায় আর দুর থেকে পরিচালিত হামলা ঠেকানো ক্ষমতার অভাব থাকায় হ্যাকাররা পাওয়ার প্লান্টসহ যুক্তরাষ্ট্রের জাতীয় অবকাঠামো খাতের অনেক অংশে সহজে অ্যাকসেস নিয়ে নিতে পারে বলে জানিয়েছে বিবিসি।