মারাত্মক বায়ু দূষণের কারণে রাজধানী বেইজিংসহ চীনের উত্তরাঞ্চলের মোট ৪০টি শহরে বিভিন্ন মাত্রার সতর্কতা জারি করা হয়েছে। দেশটির বায়ুদূষণজনিত জরুরি ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে মঙ্গলবার একথা জানানো হয়েছে।
চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, বেইজিং ছাড়াও বাওডিং, হানডান, লাংফাং, জিংতাই শহরে সর্বোচ্চ সতর্ক অবস্থা ‘রেড এলার্ট’ জারি করা হয়েছে।
বেইজিংয়ের পৌর পরিবেশ পর্যবেক্ষণ সেন্টারের (বিএমইএমসি) তথ্য অনুযায়ী, মঙ্গলবার বেইজিংয়ের বায়ু দূষণ ছয় মাত্রায় পৌঁছেছে। এটি বায়ু দূষণের সর্বোচ্চ মাত্রা।
বিএমইএমসি’র পরিবেশ বিশেষজ্ঞ লি উনতিং বলেন, ‘আর্দ্রতা বৃদ্ধি ও তাপমাত্রার বিপর্যয়ের কারণে মঙ্গলবার প্রতি ঘনমিটার বাতাসে পিএম২.৫ এর ঘনত্ব সম্ভবত ৫০০ মাইক্রোগ্রাম ছাড়িয়ে গেছে।’
বিএমইএসসি’র রেকর্ড অনুযায়ী, মঙ্গলবার দুপুর ২টায় বেইজিংয়ের বাতাসে পিএম২.৫ এর ঘনত্ব ছিল ৩৩০ মাইক্রোগ্রাম। বুধবার নাগাদ বেইজিংয়ের পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছে বিএমইএমসি কর্তৃপক্ষ।
চীনের বন্দর নগর তিয়ানজিন, হেননান ও শানডংসহ হেবেই প্রদেশের আরও ১২টি শহরে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা ‘অরেঞ্জ এলার্ট’ জারি করা হয়েছে। এছাড়া, ১৭টি শহরে ‘ইয়োলো এলার্ট’ এবং পাঁচটি শহরে ‘ব্লু এলার্ট’ জারি করা হয়েছে।
চীনে চারটি রঙ দিয়ে বায়ু দুষণের সতর্কতা জারি করা হয়। ‘রেড এলার্ট’ সর্বোচ্চ সতর্কতা। এরপর যথাক্রমে অরেঞ্জ, ইয়োলো ও ব্লু।